ঢাকার ধামরাইয়ে পরপর দুই রাতে পৃথক স্থানে দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ২৬ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগে।
একটি ঘটনাকে প্রাথমিকভাবে নাশকতামূলক বলছে ফায়ার সার্ভিস। অন্যটির কারণ এখনো জানা যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন - এটি কি নাশকতা, নাকি দুর্ঘটনা?
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এ ঘটনায় বাসটির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতামূলক বলে উল্লেখ করেছে ফায়ার সার্ভিস।
এর আগের রাতে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতেও ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় বাসটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
এদিকে টানা দুই রাতে মহাসড়ক ও এর আশপাশে দুটি বাসে আগুনের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, “এটি কোনো নাশকতা বা রাজনৈতিক সহিংসতার ঘটনা— এমন সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









