প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকেরা তাকে বর্তমানে শঙ্কামুক্ত জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থা নিশ্চিত হতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও মন্ত্রীর আত্মীয় ডা. জাহিদুল ইসলাম। তিনি বলেন, মন্ত্রীর ইসিজিসহ বিভিন্ন রক্তপরীক্ষা করা হয়েছে। কয়েকটির প্রতিবেদন পাওয়া গেলেও বাকিগুলোর জন্য অপেক্ষা করতে হচ্ছে। সব প্রতিবেদন পাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা বিস্তারিত জানাবেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে মন্ত্রীর চিকিৎসা চলছে। চিকিৎসকেরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
উল্লেখ, শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম করার কথা জানান। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









