দেশকে পুনর্নির্মাণ ও পুনর্গঠনে গণতন্ত্রের আলোকে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। তবে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে অতীতের মতো এখনো ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
আহমেদ আজম খান বলেন, অতীতে বারবার ষড়যন্ত্রকারীরা দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে। এখনো তারা থেমে নেই। নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
গার্মেন্টস খাতের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশের তৈরি পোশাক খাত ভালোভাবেই চলছিল। কিন্তু এই খাতে কীভাবে অস্থিতিশীলতা ও ভাঙচুর চালানো হয়েছে, তা সবার সামনে স্পষ্ট। গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছিল বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশও বিশ্বের উন্নত দেশগুলোর মতো মাথা উঁচু করে দাঁড়াবে। দেশে গড়ে উঠবে সমৃদ্ধ অর্থনীতি এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো।
দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশ বারবার ষড়যন্ত্রের মুখে পড়লেও এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে। যখনই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা হয়েছে, তখনই গণতন্ত্রের পুনরুত্থানে জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আগামীতেও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে আহমেদ আজম খান বলেন, সামনে এগোতে হলে সব বাধা ও ষড়যন্ত্র অতিক্রম করতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









