সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের রাজমান দহপাড়া গ্রামের কৃষক মো. ছোলায়মান হোসেন অল্প পুঁজি বিনিয়োগ করে ৫ বিঘা জমিতে লাউ চাষ করে সফলতা পেয়েছেন। মাত্র ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করে ইতিমধ্যে তিনি ১ লাখ টাকার বেশি লাউ বিক্রি করেছেন। তার এ সাফল্যে এলাকার অন্য কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও এবারই প্রথম বড় পরিসরে বাণিজ্যিকভাবে লাউ চাষ শুরু করেন ছোলায়মান। বীজ রোপণ, মাচা তৈরি ও পরিচর্যা মিলিয়ে তার খরচ হয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে ফলনও হয়েছে ভালো।
ক্ষেত থেকেই পাইকাররা লাউ কিনে নিয়ে যাওয়ায় বাজারজাত করতে তাকে তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না। বর্তমানে জমিতে আরও লাউ রয়েছে। এসব বিক্রি করে খরচ বাদে ভালো লাভের আশা করছেন তিনি।
স্থানীয় কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, উল্লাপাড়ার মাটি শাকসবজি চাষের জন্য উপযোগী। সঠিক পদ্ধতিতে চাষাবাদ এবং পরিমাণমতো সার ও বালাইনাশক ব্যবহারের কারণে ছোলায়মান ভালো ফলন পেয়েছেন। তার সাফল্যে এলাকার বেকার যুবক ও প্রান্তিক কৃষকদের মধ্যে লাভজনক সবজি চাষে আগ্রহ বাড়ছে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণ ইয়াসমীন সুমী বলেন, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, কীটনাশক ও বালাইনাশকসহ সরকারের বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









