ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্যসচিব ও সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
সকালে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সভার আগে ৭ নভেম্বরের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় বক্তারা নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি তুলে ধরার পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার ওপর গুরুত্ব দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, দেশের যখন যা প্রয়োজন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা-ই করেছেন। একই পরিবারের তিনজনের সফলভাবে দেশ পরিচালনার দায়িত্ব পালনের নজির বিশ্বের অন্য কোথাও নেই বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল আলীম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ১৭ বছর ৭ নভেম্বর পালিত হয়নি। দেশের সংকটময় সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। ‘সবার আগে বাংলাদেশ’—এ চেতনা ধারণের পাশাপাশি দেশ পরিচালনার দায়িত্ব নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক ড. ছাদেকা হক, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ ড. মো. মোজাম্মেল হক, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ ড. এ কে এম মাহবুবুর রশীদ গোলাপ এবং ডাইরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কৃষিবিদ ওয়াহিদা ইয়াসমিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতা, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









