সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক মিছিল বের করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে বিএনপির দুই পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি থানা ভবনের সামনে মুখোমুখি হলে রাস্তা ছেড়ে দেওয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে ইটপাটকেল নিক্ষেপ, পাল্টাপাল্টি ধাওয়া ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে পাঁচজনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় দুই পক্ষের নেতাকর্মীরা পৃথক স্থানে অবস্থান নেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, দুটি মিছিল মুখোমুখি হওয়ার পর পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









