টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে আটকে পড়া বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা থেকে রক্ষা পেয়েছে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। স্থানীয়দের সহযোগিতায় লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামিয়ে দেন রেলওয়ের গেটম্যান মিজান। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, যমুনা সেতু পার হয়ে আসা একটি বালুবাহী ট্রাক সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি রেলক্রসিংয়ের ওপর আটকে পড়ে। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথে আসছিল।

বিপদ বুঝতে পেরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত লাল পতাকা উড়িয়ে ট্রেনটি থামান গেটম্যান মিজান। পরে অন্য একটি ট্রাক দিয়ে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে কাছাকাছি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়।
গেটম্যান মিজান জানান, দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









