যশোরের মনিরামপুরে নদীর পানি থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রঞ্জন মণ্ডল কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কয়েকজন ব্যক্তি মাছ ধরতে যাওয়ার সময় হেলারঘাট এলাকার রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। সন্দেহ হলে বস্তার ভেতরে মানুষের মরদেহ দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
খবর পেয়ে মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় রঞ্জনের পরনে কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি ছিল। তার চোখে পাওয়ার চশমা, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল। শার্টের পকেটে একটি কলম ও ডায়েরিও পাওয়া গেছে।
সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, নদীর পানি থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ ও এর পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









