দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে নোয়াখালী পৌরসভাতেও নিয়মিত চলছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম।
শনিবার (৭ নভেম্বর) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড উত্তর সোনাপুর এলাকার পৌর কবরস্থান, জেলা পরিষদ ও পানি উন্নয়ন বোর্ডসহ এর আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী প্রমুখ।
কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেয়া হয়। সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী এ অভিযান চলবে।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী বলেন, ‘‘সীমিত জনবল দিয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নোয়াখালী পৌরসভা। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও নিজ নিজ বাড়িঘর, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









