সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৩ পিএম

বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল

বরিশালে বিচারকার্য চলাকালে আদালতে ঢুকে হট্টগোলের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ এবং সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এরআগে মঙ্গলবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতৃবৃন্দের জামিন মঞ্জুর করার প্রতিবাদে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বর্জন করে জেলা আইনজীবী সমিতির অধিকাংশ সদস্য। তারা আদালত বর্জন করে বিক্ষোভ করেন। এ কারণে দুর্ভোগের শিকার হন সাধারণ বিচারপ্রার্থীরা।

দিনভর আদালত বর্জনের পর বিকেলে বরিশাল অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। ঠিক সেই মুহূর্তে আদালতে হট্টগোল হয়।

খবর পেয়ে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং সিআইডি টিম ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন, ‘বিজ্ঞ আইনজীবীরা একটা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনাস্থলে কোর্ট পুলিশ ছিল- তারা বলতে পারবেন ভেতরে কিছু ঘটেছে কি না। তাছাড়া পুলিশের বিশেষজ্ঞ টিম এসে আলামত সংগ্রহ করেছে।’

নারী ও শিশু নির্যাতন আদালতের এপিপি সাঈদ চৌধুরী সাংবাদিকদের জানান, ‘আদালতে কোন ভাঙচুর হয়নি। একটু হট্টগোল, চিৎকার-চেচামেচি হয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে।

তিনি জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন পেয়ে চলে গেলেন। 

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন বলেন, ‘রাষ্ট্রপক্ষের তীব্র বিরোধীতা সত্যেও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসকে জামিন দিয়েছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মামলায় জামিন অযোগ্য ধারা সত্যেও জামিন দেওয়া হয়েছে। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আদালত বর্জন করেছি।’

আদনান/বরিশাল/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.