নিষিদ্ধ ঘোষিত সংগঠন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নাটোর জেলার পুলিশ সুপার আব্দুল ওয়াহাব।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যা সহ এক ডজন মামলার আসামী এহিয়া চৌধুরী। বিগত ৫ আগষ্টের আগে ছাত্রজনতার আন্দোলন দমনে নাটোরের এহিয়া চৌধুরী নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
বিএনপি নেতা কর্মীরা অভিযোগ করেন , এহিয়া চৌধুরী নাটোরে চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রবাজ। তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে চলাফেরা করতো। বিএনপি'র বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এহিয়া চৌধুরীর ছোঁড়া গুলিতে বিএনপির অসংখ্য নেতা কর্মী নিহত, আহত এবং পঙ্গুত্ববরণ করেছেন। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাটোর জেলা শাখার একজন সাংগঠনিক সম্পাদক এমরান সোনার জানিয়েছেন, এহিয়া চৌধুরী খুবই অসুস্থ তার উন্নত চিকিৎসার প্রয়োজন। অবিলম্বে তাকে মুক্তি প্রদান করা হোক।
জেলা পুলিশ সুপার আব্দুল ওয়াহাব বলেন,জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে ঢাকা থেকে নাটোর নিয়ে আসার জন্য প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









