ফরিদপুরে এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল গ্রামের পুরুরা এলাকার মো. খবির মোল্যার ছেলে। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে শিশুটির বাড়ির পাশের একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি সকালে শিশুদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিতেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টির কারণে মসজিদের মাইকে শিশুদের ডাকেননি আরিফুল। তবে ভুক্তভোগী শিশুটি মসজিদে গেলে তাকে একা পেয়ে পা টিপতে বলেন তিনি। একপর্যায়ে শিশুটির গোপনাঙ্গে স্পর্শ করেন এবং তার প্যান্ট খুলে যৌন নিপীড়নের চেষ্টা চালান। এ সময় শিশুটির শরীরের ওপর বীর্যপাত করেন তিনি। পরে শিশুটি কৌশলে দরজা খুলে দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন মসজিদে গিয়ে আরিফুলকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। পরে নগরকান্দা থানা-পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন শিশুটির মা নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, আসামি আদালতে নিজের দোষ স্বীকার করেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









