কথা বলতে সমস্যা, ভাষার বিকাশে বিলম্ব কিংবা উচ্চারণের জটিলতা—এমন নানা যোগাযোগজনিত সমস্যায় ভুগছেন অনেকে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ও সচেতনতার অভাবে তাদের অনেকেই সময়মতো সেবা পান না। গ্রামীণ ও প্রান্তিক মানুষের কাছে সেই সেবা পৌঁছে দিতে মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটের (বিএইচপিআই) স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি (এসএলটি) বিভাগের শিক্ষার্থীরা।
১২ দিনব্যাপী বিশেষ কমিউনিটি জরিপ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে তারা ৩০৭ জনকে শনাক্ত করেছেন। তাদের মধ্যে ২০০ জনের কথা, ভাষা ও যোগাযোগজনিত সমস্যা পাওয়া গেছে।
গত ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আক্রান্ত ব্যক্তিদের বিনামূল্যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ৮ নভেম্বর থেকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সিআরপিতে এ সেবা কার্যক্রম চলমান রয়েছে।
জরিপের অংশ হিসেবে শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, ভাষার বিকাশ, উচ্চারণ, কণ্ঠস্বর, শ্রবণজনিত যোগাযোগ এবং খাবার ও পানি গিলতে সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত ও মূল্যায়ন করেন। পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অটিজম, শিশুদের ভাষার বিকাশ ও যোগাযোগজনিত সমস্যা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

শিক্ষার্থীরা জানান, গ্রামীণ ও প্রান্তিক এলাকার অনেক মানুষ যোগাযোগজনিত সমস্যায় ভুগলেও সচেতনতা ও প্রয়োজনীয় সেবার অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। ফলে অনেক ক্ষেত্রে সমস্যাগুলো দীর্ঘস্থায়ী হয়। তাদের এ উদ্যোগের লক্ষ্য হলো, এসব সমস্যা দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনসেবা মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা।
বিএইচপিআইয়ের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের প্রভাষক মো. মনির হোসেনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ জরিপ, থেরাপি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, যোগাযোগজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সময়মতো থেরাপি, পরিবারের সহযোগিতা ও যথাযথ পুনর্বাসন নিশ্চিত করা গেলে তাদের যোগাযোগ দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বাড়বে। একই সঙ্গে উন্নত হবে তাদের জীবনযাত্রার মান।
কুলাউড়ার এ উদ্যোগ শুধু চিকিৎসাসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং যোগাযোগজনিত সমস্যা সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









