‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও মৎস্যজীবীরা।
বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাই সমবায় আন্দোলনের মূল লক্ষ্য। সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় সরকারের ক্ষুদ্রঋণ ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা গেলে কৃষি, মৎস্য ও পশুপালন খাতের বিকাশ ঘটবে। প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছালে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি কর্মসংস্থানও বাড়বে। এ জন্য সমবায় সমিতিতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান তারা।
আলোচনা সভায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন সমবায়ের সাতটি মূলনীতি তুলে ধরেন। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পেশাগত সুবিধার জন্য সরকারি ও সামাজিক অনুষ্ঠানে অতিথিদের সারিতে এবং সামনের সারিতে নির্দিষ্ট আসন সংরক্ষণের প্রস্তাব দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









