“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার সাদাত, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান (টকি), উপজেলা সহকারী সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী ও শফিকুল ইসলাম।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সমবায় সমিতির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে আত্মনির্ভরশীল সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।#


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









