‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সুনামগঞ্জের দিরাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জিও-এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন সমবায় সমিতির নেতা ও সদস্যরা অংশ নেন।
পরে উপজেলা সমবায় কর্মকর্তা হিরণ্ময় রায়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার।
সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপ মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মফিজুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মোহাম্মদ আবু সাইদ, সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব রুদ্র মিজান, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, দিরাই প্রেস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত সাগর দাস, গোপেশ বর্মন ও হাফছা বেগম।
দিবসটি উপলক্ষে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সমবায়ীদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া পৌর শহরের ছিন্নমূল ও অসহায় শতাধিক মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা জোরদারের প্রত্যয় নিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









