‘‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা সামসুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উদয়ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সদস্য ঝলক তালুকদার।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
সভা শেষে সমবায় সমিতির সদস্যদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে মধ্যনগর উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মধ্যনগর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক রুবেল রায়কে এবং শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে মঙ্গলদ্বীপ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা সামসুল ইসলাম বলেন, ‘‘আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দারিদ্র্য নিরসনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব লক্ষ্য অর্জনে সবাইকে সমবায়ী হয়ে আদর্শ সমবায় সমিতি গড়ে তুলতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









