‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে চট্টগ্রামের রাউজানে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও এস এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। উপজেলা সমবায় কর্মকর্তা মিন্টু বড়ুয়া সভায় মূল আলোচনা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, সমবায়ের মাধ্যমে বেকারত্ব দূর করে আধুনিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার দেশের বিশাল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করতে যুগোপযোগী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এককভাবে যে কাজ কঠিন, সমবায় সমিতি গঠনের মাধ্যমে সম্মিলিতভাবে তা সহজে করা সম্ভব।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুম কবির, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, উত্তর জেলা বিএনপি নেতা এম এ হালিম ও আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব ফিরোজ আহমদ, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক এবং গহিরা শান্তির দ্বীপ সমবায় সমিতির চেয়ারম্যান আবদুর রহিম।
অধ্যক্ষ উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন উজ্জ্বল কান্তি দে, রঞ্জন বড়ুয়া, কাজী মোহাম্মদ ইব্রাহিম, লায়ন ছোটন বড়ুয়া ও আশুতোষ বড়ুয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শাহাজান সাহিল, জেলা যুবদল নেতা রাসেল খান, বিএনপি নেতা শহীদুল আলমসহ রাজনৈতিক, সামাজিক ও সমবায়ী নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দুইজন শ্রেষ্ঠ সমবায়ী ও পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে স্মারক প্রদান করেন প্রধান অতিথি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









