প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের হিমেল হাওয়া। ভোরের শিশির আর হালকা কুয়াশায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে পড়তে শুরু করেছে শীতের ছোঁয়া। শীতের আগমনের সঙ্গে সঙ্গে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য খেজুরের রস ও গুড় তৈরিকে ঘিরে শুরু হয়েছে প্রস্তুতি। খেজুর গাছের পরিচর্যা ও রস সংগ্রহের অপেক্ষায় দিন গুনছেন স্থানীয় গাছিরা।
বিশেষ করে উপজেলার ভায়ালক্ষ্মীপুর, চারঘাট সদর ও নিমপাড়া ইউনিয়নের গ্রামগুলোতে খেজুরের রস ও গুড়ের মৌসুম ঘিরে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ। শীত মানেই খেজুরের টাটকা রস, সুস্বাদু গুড় আর পাটালির মৌ মৌ গন্ধ। গ্রামবাংলার এই ঐতিহ্য যুগ যুগ ধরে মানুষের আবেগ ও সংস্কৃতির সঙ্গে মিশে আছে। শীতের সকালে গাছ থেকে নামানো টাটকা রসের স্বাদ নিতে অপেক্ষায় থাকেন নানা বয়সী মানুষ।
ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের খেজুর গাছের মালিক আবুল কালাম বলেন, শীতের সময় খেজুরের রসের চাহিদা অনেক বেশি থাকে। এ সময় গাছের পরিচর্যা করে রস সংগ্রহের উপযোগী করে তুলতে হয়। ভালোভাবে গাছের যত্ন নিতে পারলে রস সংগ্রহের পাশাপাশি গুড় তৈরি করেও বাড়তি আয় করা সম্ভব। তাই শীতের মৌসুম তাঁদের কাছে বেশ গুরুত্বপূর্ণ।
একই ইউনিয়নের আরেক খেজুর গাছের মালিক নজরুল ইসলাম বলেন, খেজুরের রস ও গুড় গ্রামবাংলার ঐতিহ্যের একটি অংশ। শীত এলেই মানুষ খেজুরের রসের অপেক্ষায় থাকে। তবে আগের তুলনায় খেজুর গাছের সংখ্যা কমে যাচ্ছে। এই ঐতিহ্য ধরে রাখতে বেশি বেশি খেজুর গাছ রোপণ ও সংরক্ষণ করা প্রয়োজন।
চারঘাট সদর ইউনিয়নের কৃষক কাবিল আলী বলেন, শীত মৌসুম এলেই খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু হয়। খেজুরের রস ও গুড়ের প্রতি মানুষের আলাদা আকর্ষণ রয়েছে। এ মৌসুমে রস সংগ্রহ ও গুড় তৈরি করতে পারলে কৃষক ও গাছিরা বাড়তি আয়ের সুযোগ পান।
অন্যদিকে নিমপাড়া ইউনিয়নের কৃষক জসিম শেখ বলেন, খেজুরের রস ও গুড় গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে। শীতের সকালে টাটকা খেজুরের রস খাওয়ার আনন্দই আলাদা। তবে এই ঐতিহ্য ধরে রাখতে হলে খেজুর গাছ সংরক্ষণ এবং নতুন করে গাছ রোপণের উদ্যোগ নিতে হবে।
স্থানীয়দের মতে, খেজুরের রস ও গুড় শুধু শীতকালীন খাবার নয়, এটি গ্রামীণ অর্থনীতিরও গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর শীত মৌসুমে গাছিরা রস সংগ্রহ ও গুড় তৈরি করে বাড়তি উপার্জনের সুযোগ পান। পাশাপাশি স্থানীয় বাজারেও খেজুরের গুড়ের চাহিদা তৈরি হয়। ফলে মৌসুমি এই পেশাকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে বাড়তি কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়।
সব মিলিয়ে চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতের আগমনী বার্তার সঙ্গে খেজুরের রস ও গুড়ের মৌসুম ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। শীতের পূর্ণতা আসার অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, শীতের সকালে টাটকা খেজুরের রস আর খাঁটি গুড়ের স্বাদে আবারও মুখর হয়ে উঠবে গ্রামবাংলা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









