বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়, বৈদেশিক মুদ্রার প্রবাহ, কর্মসংস্থান ও বিনিয়োগের বড় অংশ এ খাতের ওপর নির্ভরশীল। অথচ শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা-ভাঙচুর এবং সড়ক অবরোধের মতো ঘটনায় দেশের সম্ভাবনাময় এই শিল্প আজ গভীর সংকটের মুখে। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা হারানোর আশঙ্কাও ক্রমেই বাড়ছে। এ পরিস্থিতি শুধু পোশাকশিল্পের জন্য নয়, সামগ্রিক অর্থনীতির জন্যও অশনিসংকেত।
শ্রমিকদের ন্যায্য মজুরি, বকেয়া বেতন-ভাতা, হাজিরা বোনাস বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি অযৌক্তিক নয়। বরং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় এসব দাবি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। কারণ শ্রমিকের জীবনমানের উন্নয়ন ছাড়া শিল্পের টেকসই অগ্রগতি সম্ভব নয়। একই সঙ্গে এটিও মনে রাখতে হবে, দাবি আদায়ের নামে সহিংসতা, ভাঙচুর ও সড়ক অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এতে শেষপর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ শ্রমিকরাই। কারখানা বন্ধ থাকলে তাঁদের কর্মসংস্থান ও দৈনন্দিন আয় অনিশ্চিত হয়ে পড়ে।
সাম্প্রতিক পরিস্থিতির আর্থিক ক্ষতির চিত্রও উদ্বেগজনক। বিজিএমইএর তথ্যমতে, ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চার দিনে পোশাক খাতে আনুমানিক হাজার কোটি টাকার রপ্তানি আয় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে বিকেএমইএর হিসাবে একই সময়ে নিট পোশাক খাতে উৎপাদন ক্ষতির পরিমাণ প্রায় ৯০০ কোটি টাকা। কয়েকশ কারখানা বন্ধ থাকায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে। সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অনেক প্রতিষ্ঠানকে বাড়তি পরিবহন ব্যয় বহন করতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ক্রয়াদেশ বাতিল বা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও নির্ভরযোগ্যতা। পোশাক ক্রেতারা শুধু পণ্যের দাম ও মান বিবেচনা করেন না; নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতাকেও সমান গুরুত্ব দেন। দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষ ও উৎপাদন অচলাবস্থা তাঁদের বিকল্প উৎস খুঁজতে উৎসাহিত করতে পারে। একবার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেলে তা পুনরুদ্ধার করা সহজ হবে না। ফলে সাময়িক অস্থিরতা দীর্ঘমেয়াদে রপ্তানি আয়, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, চলতি অর্থবছরের প্রথম চার মাসে তৈরি পোশাক রপ্তানিতে ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই ইতিবাচক ধারাকে ধরে রাখতে হলে শিল্পাঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। প্রবৃদ্ধির পরিসংখ্যান তখনই অর্থবহ হবে, যখন উৎপাদন অব্যাহত থাকবে এবং শ্রমিক-মালিক উভয় পক্ষের স্বার্থ সুরক্ষিত হবে।
এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের প্রকৃত অভিযোগ চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের সময়সীমা ও প্রক্রিয়া স্পষ্ট করতে হবে। বকেয়া বেতন পরিশোধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মালিকপক্ষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে হবে, যাতে কোনো পক্ষের উসকানি বা সহিংসতায় উৎপাদন ব্যাহত না হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযম ও পেশাদারত্ব বজায় রাখতে হবে। শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে নিয়মিত সংলাপের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি। শ্রমিকদের অভিযোগ জানানোর গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম এবং দ্রুত বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা থাকলে অসন্তোষ সহিংসতায় রূপ নেওয়ার ঝুঁকি কমবে। পাশাপাশি শ্রমিক আন্দোলনের নামে নাশকতা বা তৃতীয় পক্ষের অনুপ্রবেশের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করতে হবে।
মনে রাখতে হবে, শ্রমিক ও শিল্প একে-অপরের প্রতিপক্ষ নয়; বরং পরস্পরের পরিপূরক। শ্রমিকের অধিকার নিশ্চিত না হলে শিল্পের স্থিতিশীলতা আসবে না, আবার শিল্প টিকে না থাকলে শ্রমিকের কর্মসংস্থানও নিরাপদ থাকবে না। তাই সংঘাত নয়, সমঝোতাই হোক সংকট উত্তরণের পথ। দেশের অর্থনীতি ও লাখো শ্রমিকের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত উৎপাদন স্বাভাবিক করা এবং আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার বিকল্প নেই।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









