প্রযুক্তি যখন রোগ শনাক্ত করে, চিকিৎসার পরামর্শ দেয়, এমনকি মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্তেও প্রভাব ফেলে, তখন প্রশ্ন ওঠে যন্ত্রের বুদ্ধিমত্তায় কতটা নির্ভর করা নিরাপদ? চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে প্রতিটি নতুন প্রযুক্তি মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে। একসময় যে রোগ শনাক্ত করতে দীর্ঘ সময় লাগত, আধুনিক প্রযুক্তি তা শনাক্ত করছে দ্রুত।
চিকিৎসকের চোখের পাশাপাশি এখন যুক্ত হয়েছে অ্যালগরিদম, তথ্যভাণ্ডার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI)। কিন্তু প্রযুক্তির প্রতিটি অগ্রগতির সঙ্গে কিছু অদৃশ্য ঝুঁকিও জন্ম নেয়। স্বাস্থ্যখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার তাই শুধু চিকিৎসাবিজ্ঞানের সাফল্যের গল্প নয়, এটি মানুষের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা, চিকিৎসকের দায়বদ্ধতা এবং প্রযুক্তিনির্ভর বৈষম্যেরও গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০২৪ সালে স্বাস্থ্যখাতে জেনারেটিভ এআই ব্যবহারের সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে নির্দেশনা প্রকাশ করে।
সংস্থাটি সতর্ক করে যে, এআই কখনো ভুল, অসম্পূর্ণ কিংবা বিভ্রান্তিকর তথ্যকে এমন আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারে, যা সাধারণ মানুষের পক্ষে সত্য থেকে আলাদা করা কঠিন। ২০২৫ সালের ২৫ মার্চ প্রকাশিত সংস্থাটির বৃহৎ মাল্টিমোডাল মডেলবিষয়ক নির্দেশনাও স্বাস্থ্যসেবায় নৈতিকতা, নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে। এই সতর্কতা নিছক প্রযুক্তিভীতি নয়। বরং চিকিৎসার মতো সংবেদনশীল ক্ষেত্রে ভুল তথ্যের পরিণতি কতটা গুরুতর হতে পারে, তারই স্মারক। স্বাস্থ্যখাতে এআইয়ের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি হলো ভুল তথ্য তৈরি করা। জেনারেটিভ এআই এমন উত্তর দিতে পারে, যা ভাষাগতভাবে যথেষ্ট বিশ্বাসযোগ্য হলেও চিকিৎসাবিজ্ঞানের বিচারে ভুল। একে বলা হয় ‘হ্যালুসিনেশন’। সাধারণ কোনো প্রশ্নের উত্তরে ভুল হলে তা সংশোধনের সুযোগ থাকে; কিন্তু রোগ নির্ণয় বা ওষুধ ব্যবহারে ভুল পরামর্শ মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।
ধরা যাক, কোনো ব্যক্তি দীর্ঘদিনের শারীরিক অস্বস্তি নিয়ে এআই চ্যাটবটের কাছে গেলেন। উপসর্গের অসম্পূর্ণ বিবরণ শুনে সেটি সমস্যাটিকে সামান্য অসুস্থতা হিসেবে ব্যাখ্যা করল। অথচ উপসর্গগুলোর পেছনে থাকতে পারে জরুরি চিকিৎসার প্রয়োজন এমন কোনো রোগ। ব্যক্তি যদি যন্ত্রের উত্তরকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে চিকিৎসকের কাছে যাওয়া পিছিয়ে দেন, তাহলে সময়মতো রোগ শনাক্ত ও চিকিৎসা শুরুর সুযোগ নষ্ট হতে পারে।
২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (NIH) প্রকাশিত গবেষণার বিবরণে দেখা যায়, GPT-4V চিকিৎসাসংক্রান্ত ছবি ও সংক্ষিপ্ত রোগবিবরণভিত্তিক প্রশ্নে ভালো ফল করলেও ছবির ব্যাখ্যা এবং নিজের সিদ্ধান্তের যুক্তি তুলে ধরতে ভুল করেছে। অর্থাৎ, সঠিক উত্তর দেওয়ার পরও তার ব্যাখ্যা ভুল হতে পারে। চিকিৎসায় এই সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ, কারণ একটি সিদ্ধান্তের যথার্থতা যাচাই করতে শুধু চূড়ান্ত উত্তর নয়, তার পেছনের প্রমাণও প্রয়োজন।
কৃত্রিম বুদ্ধিমত্তা যতই আধুনিক হোক, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত তথ্যের ভিত্তিতেই তার সিদ্ধান্ত নির্ভর করে। সেই তথ্য যদি অসম্পূর্ণ হয় কিংবা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে এআইয়ের সিদ্ধান্তেও বৈষম্য তৈরি হতে পারে।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো রোগ শনাক্তকরণব্যবস্থা যদি প্রধানত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর রোগীর তথ্য দিয়ে প্রশিক্ষিত হয়, তাহলে ভিন্ন জনগোষ্ঠীর রোগীর ক্ষেত্রে তার কার্যকারিতা কমে যেতে পারে। নারী ও পুরুষের উপসর্গের পার্থক্য, বয়স, ত্বকের রং কিংবা আর্থ-সামাজিক অবস্থার মতো বিষয়গুলো যথাযথভাবে বিবেচিত না হলে ভুল রোগনির্ণয়ের ঝুঁকি বাড়তে পারে। ফলে প্রযুক্তি সবার জন্য সমান চিকিৎসার পথ খুলে দেওয়ার বদলে বিদ্যমান বৈষম্যকে আরও গভীর করতে পারে।
এখানে প্রশ্নটি শুধু প্রযুক্তির দক্ষতার নয়, ন্যায়বিচারেরও। চিকিৎসাবিজ্ঞানে প্রত্যেক মানুষের জীবন সমান মূল্যবান। অথচ একটি পক্ষপাতদুষ্ট অ্যালগরিদমের কাছে মানুষের পরিচয় ও অভিজ্ঞতা কখনো কখনো অসম্পূর্ণ উপাত্তে পরিণত হয়। একজন মানুষের চিকিৎসার ইতিহাসে থাকে তাঁর শারীরিক অবস্থা, পরীক্ষার ফলাফল, ওষুধের বিবরণ এবং কখনো কখনো অত্যন্ত ব্যক্তিগত তথ্য। এআইকে চিকিৎসাসংক্রান্ত প্রশ্ন করার সময় এসব তথ্য অনিরাপদ ব্যবস্থায় দেওয়া হলে সেগুলোর গোপনীয়তা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে। বিশেষত, কোনো হাসপাতালের তথ্যভান্ডার সাইবার আক্রমণের শিকার হলে কিংবা অনুমোদনহীন ব্যক্তি রোগীর তথ্য পেয়ে গেলে সেই তথ্যের অপব্যবহার হতে পারে। রোগীর অজান্তে তাঁর তথ্য সংগ্রহ, সংরক্ষণ বা অন্য কাজে ব্যবহার করা ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মতির নীতির পরিপন্থী।
২০২৫ সালে প্রকাশিত National Academy of Medicine-এর স্বাস্থ্য ও চিকিৎসায় জেনারেটিভ এআইয়ের ঝুঁকিবিষয়ক পর্যালোচনায় তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা, পক্ষপাত এবং ভুল তথ্যকে গুরুত্বপূর্ণ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রযুক্তি মানুষের রোগের তথ্য জানবে, কিন্তু সেই জানার অধিকার কোথায় শেষ হবে, তা নির্ধারণ জরুরি। কারণ, মানুষের শরীর সম্পর্কে জানা আর মানুষের ব্যক্তিগত জীবনে অননুমোদিত প্রবেশ করা এক বিষয় নয়।
উদ্বেগজনক চিত্র পাওয়া যায় ২০২৫ সালের আগস্টে প্রকাশিত অন্য একটি গবেষণায়। এআই ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার সংকলন বিশ্লেষণ করে গবেষকেরা ৮২টি ঘটনা শনাক্ত করেন। এর মধ্যে ১৪টি ছিল উচ্চমাত্রার গুরুতর এবং একটি ছিল সংকটজনক মাত্রার। গবেষণাটি এআইয়ের ভুল আচরণ, রোগ পর্যবেক্ষণ, পূর্বাভাস ও রোগনির্ণয় সংক্রান্ত নিরাপত্তাঝুঁকিতে দৃষ্টি আকর্ষণ করে। তবে এই সংখ্যা বিশ্বজুড়ে এআইজনিত সব দুর্ঘটনার মোট হিসাব নয়। এটি বিশ্লেষণ করা নির্দিষ্ট সংকলনের তথ্য।
এআইয়ের আরেকটি বিপদ হলো- প্রযুক্তিতে অতিরিক্ত নির্ভরতা। কোনো চিকিৎসক যদি যন্ত্রের দেওয়া সিদ্ধান্তকে যাচাই না করে গ্রহণ করেন, কিংবা রোগী যদি অনলাইনে পাওয়া এআইয়ের পরামর্শকে বিশেষজ্ঞ চিকিৎসার সমতুল্য মনে করেন, তাহলে ভুল সিদ্ধান্তের আশঙ্কা বাড়ে। চিকিৎসকের অভিজ্ঞতা, রোগীর সরাসরি পর্যবেক্ষণ, পারিবারিক ইতিহাস এবং রোগীর ব্যক্তিগত পরিস্থিতি মিলিয়ে যে সিদ্ধান্ত তৈরি হয়, তা কেবল কয়েকটি তথ্যের ভিত্তিতে সব সময় নির্ধারণ সম্ভব নয়।
বাংলাদেশের মতো দেশে বিষয়টি আরো তাৎপর্যপূর্ণ। শহর ও গ্রামের চিকিৎসাসেবার ব্যবধান, প্রযুক্তিগত দক্ষতার সীমাবদ্ধতা এবং নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্যে অসম প্রবেশাধিকার এআইয়ের সুফল সবার কাছে পৌঁছানোর পথে বাধা হতে পারে। আবার বাংলা ভাষায় উপযুক্ত ও যাচাইকৃত স্বাস্থ্যতথ্যের ঘাটতি থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তিকর পরামর্শের শিকার হতে পারেন। তাই এআইয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণ, রোগীর তথ্য সুরক্ষা, স্বাধীন মান যাচাই এবং ভুলের দায় নির্ধারণের কার্যকর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরকার, প্রযুক্তি নির্মাতা, স্বাস্থ্যসেবাদাতা ও রোগীদের অংশগ্রহণে এআইয়ের উন্নয়ন ও ব্যবহার তদারকিতে গুরুত্ব দিয়েছে। চিকিৎসাবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য কখনো যন্ত্রের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা নয়; মানুষের যন্ত্রণা কমানো, জীবনরক্ষা এবং অসুস্থতার অন্ধকারে আশার আলো পৌঁছে দেওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা সেই অভিযাত্রায় গুরুত্বপূর্ণ সহযাত্রী হতে পারে, কিন্তু তাকে নিরঙ্কুশ বিচারকের আসনে বসানো বিপজ্জনক। কারণ, অ্যালগরিদমের কাছে রোগীর তথ্য থাকতে পারে, কিন্তু মানুষের যন্ত্রণা, ভয়, অনিশ্চয়তা ও বেঁচে থাকার আকুতির সম্পূর্ণ অর্থ থাকে না।
আমাদের প্রয়োজন প্রযুক্তিকে প্রত্যাখ্যান করা নয়, বরং তার ক্ষমতার সীমা চিনে নেওয়া। প্রয়োজন এমন এক স্বাস্থ্যব্যবস্থা, যেখানে এআইয়ের প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকবে বৈজ্ঞানিক প্রমাণ, প্রতিটি রোগীর তথ্যের পাশে থাকবে নিরাপত্তার প্রাচীর এবং প্রতিটি ভুলের বিপরীতে থাকবে জবাবদিহির ব্যবস্থা। চিকিৎসক প্রযুক্তির সহায়তা নেবেন, কিন্তু দায়িত্ব এড়িয়ে যাবেন না। রোগী প্রযুক্তির সুবিধা পাবেন, কিন্তু তার পরীক্ষাগারের অনিশ্চয়তার ভার একা বহন করবেন না।
মনে রাখতে হবে, মানুষের জীবন কোনো পরীক্ষামূলক অ্যালগরিদম নয় আর হাসপাতাল কোনো ভুল সংশোধনের খসড়াপাতা নয়। যে প্রযুক্তি মানুষের সেবায় নিয়োজিত, তার সাফল্য নির্ধারিত হওয়া উচিত মানুষের নিরাপত্তা ও কল্যাণ দিয়ে, কেবল গতি, দক্ষতা কিংবা মুনাফা দিয়ে নয়। শেষ পর্যন্ত চিকিৎসার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা যন্ত্রের নিখুঁত গণনায় নয়, বরং মানুষের জীবনকে সর্বোচ্চ মূল্য দেওয়ার মধ্যেই নিহিত।
লেখক : কলামিস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









