নাটোরের লালপুরে বাল্যবিয়ে, যৌন হয়রানি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ভূমিহীন সংগঠনের বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কিশোরী-কিশোর দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাইকেল র্যালিটি উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিল্কিপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীরা বাল্যবিয়ে, যৌন হয়রানি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
এ উপলক্ষে আড়বাব ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী জয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিজেরা করি রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম এবং লালপুর অফিসের সংগঠক রিনা মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরে মিল্কিপাড়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কিশোরী-কিশোরীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী জয়া বলেন, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি কিশোর-কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকেরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









