নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে ট্রেনটির ‘ড’ বগিতে এ আগুন লাগে। এতে চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। তবে আগুন লাগার স্থানটি স্টেশনের সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত না হওয়ায় ঘটনার দৃশ্য ক্যামেরায় ধারণ হয়নি। ফলে জড়িতদের শনাক্ত করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর গার্ড ও অন্যান্য কর্মীরাও খাবার খেতে বাইরে যান। এ সময় যাত্রী ও কর্মীশূন্য অবস্থায় ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এরই মধ্যে দুর্বৃত্তরা ট্রেনটির একটি বগিতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হঠাৎ বগিতে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্টেশন মাস্টার জহিরুল ইসলাম জানান, স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুনের ঘটনা ঘটে। এতে বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। আগুন লাগার স্থানটি সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। ফলে ক্যামেরার ফুটেজে ঘটনার কোনো দৃশ্য পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, আগুনের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে হাওর এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীশূন্য ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলওয়ে পুলিশ, ট্রেনের কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাত্রীশূন্য ট্রেনে আগুনের এ ঘটনায় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে স্টেশনের গুরুত্বপূর্ণ অংশ সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় নিরাপত্তা নজরদারির ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









