বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত কথাসাহিত্যিক সালমা সুলতানার পত্রোপন্যাস ‘চিঠি দিয়ো’ অবলম্বনে অনুষ্ঠিত হয়ে গেল এক ভিন্নধর্মী ও মনোরম আবৃত্তিসন্ধ্যা। আবৃত্তি করেছেন এ সময়ের জনপ্রিয় আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান টুনু ও জিনিয়া আক্তার। পুরো অনুষ্ঠানের আবহ সঙ্গীতে ছিলেন জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার আসমা দেবযানী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ঝর্ণা রহমান, জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, অন্যদিন ম্যাগাজিনের এক্সিকিউটিভ এডিটর আব্দুল্লাহ নাসের, বাংলাদেশ নারী লেখক সোসাইটির সভাপতি কবি ও কথাসাহিত্যিক শেলী সেনগুপ্তা এবং সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক সাঈদা নাঈমসহ বিশিষ্ট কবি, লেখক, পাঠক, শ্রোতা ও সাহিত্যানুরাগী ব্যক্তিবর্গ।
একটি বইকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে একজন লেখকের জন্য অনেক বড় প্রাপ্তি ও সম্মানের। লেখক সালমা সুলতানার মতে, সাহিত্য কেবল লেখক ও পাঠকের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নানা সৃজনশীল আয়োজনের মধ্য দিয়ে লেখক, পাঠক ও সাহিত্যের মধ্যে আরও নিবিড় সেতুবন্ধন তৈরি হয়। বাংলা সাহিত্যের সমৃদ্ধি ও পাঠাভ্যাসকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









