জাতীয় পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির সুযোগ পেয়েছে নীলফামারীর ডোমার উপজেলার কৃতী কিশোরী আফনান জামান অথৈ। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে অসাধারণ ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে এ সাফল্য অর্জন করেছে সে। তার এই অর্জনে আনন্দ ও গর্বে ভাসছে পরিবার, স্বজন ও এলাকাবাসী।
প্রতিযোগিতার মেয়েদের ক্রিকেট বিভাগে ঢাকা বিভাগের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করে অথৈ। ফাইনাল ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে। মাত্র ১১ বলে অপরাজিত ২৩ রান করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখে এই কিশোরী ক্রিকেটার।

এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সনদ গ্রহণের পাশাপাশি বৃত্তি এবং বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়েছে বলে জানা গেছে।
আফনান জামান অথৈ নীলফামারীর ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া গ্রামের সন্তান। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার বিশেষ আগ্রহ। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও খেলাধুলার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছে সে। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে তার দীর্ঘদিনের পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি মিলেছে।
অথৈর বাবা-মা মেয়ের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, ছোটবেলা থেকেই মেয়ের ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল। তার স্বপ্নকে গুরুত্ব দিয়ে তাঁরা সবসময় উৎসাহ ও সহযোগিতা করেছেন। বিকেএসপিতে ভর্তির সুযোগ তার ক্রিকেটজীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে তাঁরা আশাবাদী।

তাঁদের প্রত্যাশা, উন্নত প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে অথৈ ভবিষ্যতে আরও ভালো করবে। একদিন জাতীয় ক্রিকেট দলের হয়ে দেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বয়ে আনবে।
অথৈর এই অর্জনে পশ্চিম হরিণচড়া গ্রামসহ পুরো ডোমার উপজেলায় আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, তৃণমূল পর্যায় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন এলাকার অন্য শিশু-কিশোরদেরও খেলাধুলায় উৎসাহিত করবে।
স্থানীয়দের প্রত্যাশা, যথাযথ প্রশিক্ষণ, সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে অথৈ ভবিষ্যতে দেশের ক্রিকেট অঙ্গনে আরও সাফল্য বয়ে আনবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









