কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলগুলোতে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বাসিন্দারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটকের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত হোটেল সি প্রিন্সেসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দ্রুত পদক্ষেপের কারণে ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল।
পরপর এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের পর্যটন এলাকার হোটেল ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









