বরিশালের গৌরনদীতে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে মো. মহিউদ্দিন তালুকদার (নাম) নামে এক পেট্রলপাম্প কর্মচারী নিখোঁজ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল নিয়ে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়িসংলগ্ন একটি জঙ্গলের পাশ থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা গৌরনদী বন্দরের একটি ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মহিউদ্দিন তালুকদার। এরপর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়িসংলগ্ন জঙ্গলের পাশ থেকে তাঁর মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
জানা গেছে, মহিউদ্দিন তালুকদার আশোকাঠী ফিলিং স্টেশনের একজন দায়িত্বশীল কর্মচারী। তাঁর আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ কর্মচারীকে উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









