বরগুনার বেতাগীতে রাতের আঁধারে একাধিক সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে শিকল ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। এসব তালায় কাগজে লেখা ছাত্রলীগের বেতাগী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে এসব প্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল ও তালা লাগানো হয় বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বিভিন্ন দপ্তর, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ ইউনিয়ন পরিষদ ভবন, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া ইউনিয়ন পরিষদ ভবন, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল ও তালা ঝুলছে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান ফটকে শিকল ও তালা লাগানোর পাশাপাশি কোথাও কোথাও ফ্যাসিস্ট শেখ হাসিনার পোস্টারও লাগানো হয়েছে।
বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল ও তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল। তিনি বলেন, সকালে বিদ্যালয়ে এসে প্রধান ফটকে শিকল ও তালা ঝুলতে দেখা যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের সামনে স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন উপস্থিত হন। পরে তাঁরা শিকল ও তালা অপসারণ করেন।
স্থানীয়রা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে থানা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









