তৈরি পোশাকশিল্পে অটোমেশন ও পরিবেশবান্ধব ন্যায্য রূপান্তরের প্রক্রিয়ায় নারী শ্রমিকদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে গাজীপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব) আয়োজিত এ কর্মশালায় গাজীপুরে কর্মরত বিভিন্ন মূলধারার গণমাধ্যমের ৫৫ জন সাংবাদিক অংশ নেন।
এইচঅ্যান্ডএম ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত অপরাজিতা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে পোশাকশিল্পে নারী শ্রমিকদের ভূমিকা, জীবন-জীবিকার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব, কার্বন নিঃসরণ কমানো এবং কার্বন নেট-জিরো লক্ষ্যমাত্রা অর্জনে ন্যায্য রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালাটি পরিচালনা করেন সি-ক্যাবের নির্বাহী পরিচালক জেইন মাহমুদ। তিনি বলেন, ‘‘দেশের তৈরি পোশাকশিল্প নিয়ে প্রচলিত সংবাদ প্রতিবেদনে কার্বন নিঃসরণ কমানো, ন্যায্য রূপান্তর এবং প্রযুক্তিগত পরিবর্তনের ফলে নারী শ্রমিকদের ওপর যে প্রভাব পড়ছে, তা অনেক ক্ষেত্রেই যথাযথ গুরুত্ব পায় না। অথচ এসব বিষয়ে বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে।’’
তিনি আরও বলেন, ‘‘নারী শ্রমিকদের অভিজ্ঞতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সংবাদমাধ্যমে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে এবং সাংবাদিকদের গতানুগতিক ধারার বাইরে গিয়ে প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।’’
আলোচনায় সংবাদ পরিবেশনায় প্রচলিত নেতিবাচক ধারণা ও স্টেরিওটাইপের বাইরে গিয়ে নারী শ্রমিকদের অবদান, অভিজ্ঞতা ও আকাঙ্ক্ষা তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সংবাদ প্রতিবেদনে জেন্ডার-সংবেদনশীল ভাষার ব্যবহার নিয়েও আলোচনা হয়।
এ সময় সাংবাদিকরা তাদের কাজের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
কর্মশালায় সি-ক্যাবের সিনিয়র প্রোগ্রাম অফিসার হাসান জেমস অপরাজিতা প্রকল্পের পরিচিতি এবং স্টোরি গ্র্যান্টের বিস্তারিত তুলে ধরেন।
কর্মশালা শেষে নারী পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য রূপান্তর বিষয়ক সংবাদ প্রতিবেদন তৈরির জন্য অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের প্রস্তাবনা জমা দেন।
আয়োজকরা জানান, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও সাভারে কর্মরত সাংবাদিকদের নিয়েও একই ধরনের কর্মশালার আয়োজন করা হবে। সব প্রস্তাবনা থেকে নির্বাচিত সেরা ১০টি প্রতিবেদন প্রস্তাবনার জন্য ফেলোশিপ দেওয়া হবে।
ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেক সাংবাদিক সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিনটি প্রতিবেদন প্রকাশ করবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









