নারী, কিশোরী ও প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য বিশেষ প্যারা-স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসন-৫-এর সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আমিনুল হক বলেন, নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে নিরাপত্তা নিশ্চিত করা, প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরিতে সরকার কাজ করছে।
তিনি জানান, ক্রীড়া কর্মসূচির প্রথম পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ প্রায় ১ লাখ ৬৮ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল। তাদের মধ্যে কিশোরীর সংখ্যা ছিল প্রায় ৪৯ হাজার। দ্বিতীয় পর্যায়ে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে অনলাইনে নিবন্ধন করেছেন ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী। তাঁদের মধ্যে প্রায় ৭ লাখ কিশোরী।
নারী প্রতিযোগীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ তৈরি এবং খেলাধুলায় তাদের নিয়মিত অংশগ্রহণে উৎসাহ দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়ায় সম্পৃক্ত করার বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের খেলাধুলার সুযোগ বাড়াতে একটি প্যারা-স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি প্রতিবন্ধী ক্রীড়াবিদদের মূলধারার খেলাধুলায় যুক্ত করতে বিভাগীয় ও জেলা শহরগুলোতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে।
বিরোধী দলের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের (পটুয়াখালী-২) এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিগত সরকারের সময়ে নেওয়া মিনি স্টেডিয়াম প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন ঘাটতির কথা স্বীকার করেন।
তিনি বলেন, বর্তমান সরকার প্যাভিলিয়ন, গ্যালারি ও প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রায় ২০০টি উপজেলা স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে।
প্রতিটি স্টেডিয়াম নির্মাণে প্রায় তিন একর জমি প্রয়োজন হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এ ক্ষেত্রে সরকারি খাসজমি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া বিগত সরকারের সময়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









