নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
গণমাধ্যমকে তিনি বলেন, সোমবার সকালে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে হাইকমিশনে একটি ই-মেইল আসে। এতে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়। তবে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়।
সাইদুর রহমান আরও জানান, ই-মেইলটি শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। কারণ, ই-মেইলের সঙ্গে এ বিষয়ে কোনো অনুমোদনপত্র বা প্রমাণাদি সংযুক্ত ছিল না। পরে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। সোমবার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ-সংক্রান্ত আবেদন জমা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। পদত্যাগের পর তিনি ভারতে চলে যান। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ অবস্থায় শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক ও আইনি আলোচনা চলছে।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে, আওয়ামী লীগের নেতারাও সোমবার বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর শেখ হাসিনার আত্মসমর্পণের তারিখ জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









