পাবনার চাটমোহরে সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার একপর্যায়ে ডিলারের গোডাউন ভেঙে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা বাজারে সার ডিলার প্রদীপ কুমার পালের গোডাউনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই ছাইকোলা ইউনিয়নের কৃষকদের মধ্যে সার বিতরণ কার্যক্রম চলছিল। এ জন্য সার ডিলার প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে ইউরিয়া, এমওপি ও ডিএপি সার মিলিয়ে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। বিতরণের জন্য ইতোমধ্যে ১৭১টি মেমো করা হয়।
একই সময়ে ইউনিয়নের আরও দুটি ডিলার পয়েন্টে সার বিতরণ চলছিল। কিন্তু ওই দুটি পয়েন্টের সার শেষ হয়ে যাওয়ায় সারের জন্য কৃষকেরা প্রদীপ কুমার পালের ডিলার পয়েন্টে ভিড় করেন। এ সময় ভোর থেকেই প্রায় দুই থেকে তিন হাজার কৃষক সারের জন্য সেখানে অপেক্ষা করছিলেন।
একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে ডিলার সার বিতরণ কার্যক্রম বন্ধ করে দেন। পরে বিক্ষুব্ধ কৃষক-জনতার একটি অংশ ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে সেখানে থাকা প্রায় ৬১১ বস্তা সার যে যার মতো নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমানসহ পুলিশের আরও সদস্য। পরে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, ‘‘ডিলার পয়েন্টের গোডাউন ভেঙে বিক্ষুব্ধ লোকজন ৬ শতাধিক বস্তা সার নিয়ে গেছে। উপজেলায় সারের কোনো সংকট নেই। এরপরও বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে।’’
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান বলেন, ‘‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’’
উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসান বলেন, ‘‘কোথাও সারের সংকট নেই। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে এ ঘটনা ঘটানো হয়েছে। লুট করে নেওয়া সার ফেরত দেওয়া অথবা সমপরিমাণ টাকা ডিলারকে পরিশোধের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সার ফেরত না দিলে বা টাকা পরিশোধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









