রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। তার দাবি, মধ্যরাতে তার গাড়িতেও হামলা চালানো হয়েছে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে জোর করে ক্ষমা চাওয়ানোর চেষ্টা, অপদস্থ করা, কাজে বাধা দেওয়া এবং বয়কটের প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন তিনি।
ভিডিও বার্তায় পরীমনি প্রশ্ন তোলেন, কাউকে দিয়ে ক্ষমা চাওয়ানোর পদ্ধতি কী হতে পারে। তিনি বলেন, কারও ভুলের জন্য ক্ষমা চাওয়া উচিত—এ কথা বোঝানো এক বিষয়, আর গলা চেপে ধরে বা মেরে ফেলার হুমকি দিয়ে ক্ষমা চাওয়ানো সম্পূর্ণ ভিন্ন বিষয়। এমনকি ক্ষমা না চাওয়া পর্যন্ত হত্যার হুমকি দেওয়ারও সমালোচনা করেন তিনি।
নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি গালিগালাজ করেছেন, যা তার মতে ভুল হয়েছে। এ জন্য ক্ষমা চাইতে হলে সেটি তিনি স্বীকার করতে পারেন। তবে একজন নারী বলে তাকে যেকোনোভাবে অপদস্থ করা হলেও প্রতিবাদ করতে পারবেন না—এমন প্রত্যাশার বিরোধিতা করেন তিনি।
পরীমনির অভিযোগ, তাকে অপদস্থ করার পরও সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমা চাননি; বরং তাকে গালিগালাজ করা হয়েছে। পাশাপাশি তার কাজ বন্ধ করতে ব্র্যান্ড মালিকদের হুমকি দেওয়া হচ্ছে এবং তাকে কোনো কাজে না নেওয়ার প্রচারণা চালানো হচ্ছে। তার ভাষায়, এভাবে তাকে বয়কটের নামে একধরনের ‘মব’ তৈরি করা হচ্ছে।
বয়কটের প্রচারণায় কাজ না হওয়ায় একপর্যায়ে সরাসরি গিয়ে ভাঙচুর করা হচ্ছে বলেও অভিযোগ করেন পরীমনি। তিনি বলেন, বয়কটের মাধ্যমে কোনো প্রভাব তৈরি করতে না পেরে এখন তিনি যেখানে যাচ্ছেন, সেখানেই গিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
ভিডিওর শেষাংশে সাংবাদিক পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোর সমালোচনা করেন অভিনেত্রী। তার প্রশ্ন, হাতে মোবাইল ফোন নিয়ে, একটি পেজ খুলে বা নিবন্ধন করলেই কি কেউ সাংবাদিক হয়ে যান? সাংবাদিকতার পরিচয় দিয়ে ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো সাংবাদিকতার কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি।
পরীমনি বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে। তবে এ ধরনের চাপের কাছে নতি স্বীকারের বিষয়ে ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









