তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের পর আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ চার শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে হাবাস ইস্পাত কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধারকাজ শুরু করে।
ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানান, বিস্ফোরণে আহত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে আরও চারজন আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, কারখানায় গলিত ইস্পাত ঢালাইয়ের সময় ওপরের একটি ক্রেন ভেঙে আর্ক ফার্নেসের ওপর পড়ে যায়। এতে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনার পর কারখানার ভেতরে বড় ধরনের আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। স্থানীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে কারখানা থেকে উঁচু ধোঁয়ার স্তম্ভ উঠতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের মাটি কেঁপে ওঠে।
এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, ঘটনার তদন্তে চারজন সরকারি কৌঁসুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হাবাস কারখানাটির বার্ষিক ইস্পাত উৎপাদন সক্ষমতা প্রায় ৪৫ লাখ টন। তুরস্কের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল আলিয়াগায় অবস্থিত এ কারখানাটি দেশটির ইস্পাত উৎপাদন খাতের একটি বড় প্রতিষ্ঠান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









