আহসান আল মুমিনের অপরাজিত ১৫২ রান ও তাফিউল আলম তামিমের ৭ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে মালয়েশিয়াকে ২০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে যুব টাইগাররা।
সোমবার (৯ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ৩০.৫ ওভারে মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া।
বাংলাদেশের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আহসান আল মুমিন। ১৩৩ বলের মোকাবিলায় ১০টি চার ও ছয়টি ছক্কায় ১৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দেন রবিউল হাসান আনিক। ৪৮ বলে ৪৫ রান করেন এই ব্যাটার। শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও তাঁদের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
মালয়েশিয়ার হয়ে নাগিনেশ্বরন সতনাকুমারন, সাইর আশরাফ ও আউলগা গুনাওয়ান দুটি করে উইকেট নেন।
৩০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। বিশেষ করে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিংয়ে দ্রুত গুটিয়ে যায় তাদের ইনিংস। ৭.৫ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ৭ উইকেট শিকার করেন তিনি। তাঁর বোলিংয়ে ছিল দুটি মেডেন ওভার।
মালয়েশিয়ার হয়ে একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়েন নাগিনেশ্বরন। ৮১ বলে ৫০ রান করেন তিনি। তবে অন্য ব্যাটারদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় দলকে বড় পরাজয় থেকে বাঁচাতে পারেননি।
তাফিউলের পাশাপাশি বল হাতে অবদান রাখেন রুবায় ইসলাম রিজন। দুটি উইকেট নিয়ে মালয়েশিয়ার ইনিংস দ্রুত গুটিয়ে দিতে সহায়তা করেন তিনি।
এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল বাংলাদেশ। তবে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









