রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দমকা হাওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এর আগে সোমবার বিকেল থেকে রাজধানীর উত্তরা, বিমানবন্দর, মিরপুর, রামপুরা, খিলগাঁও ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। কোনো কোনো এলাকায় বজ্রপাতও হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৬ শতাংশ। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের ছয় ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল সামান্য।
মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









