কিশোরগঞ্জের অষ্টগ্রামে গভীর রাতে আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে । এ সময় নানার সঙ্গে ঘুমন্ত অবস্থায় তৌহিদুল ইসলাম নামে ৮ বছরের এক শিশু গুরুতর দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।
এদিকে আগুনের খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে আলিনগর গ্রামের কৃষক আবু তুরাবের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় তার নাতি তৌহিদুল ইসলাম। আগুনে দুটি বসতঘর পুড়ে যায়। আগুনে দগ্ধ তৌহিদুল ইসলাম কাস্তুল ইউনিয়নের বাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
অষ্টগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম জানান, শিশুটির শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসার পর তাকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









