মানবতার সেবায় এগিয়ে এসে কুষ্টিয়ায় সাড়ে ৩ শতাধিক হতদরিদ্র, ভবঘুরে, মানসিক ভারসাম্যহীন ও অসচ্ছল মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ ফাউন্ডেশন’।
সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে এ খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ২০২৫ সালে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি মাসে অন্তত একদিন সুবিধাবঞ্চিত ও ক্ষুধার্ত মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করে আসছে সংগঠনটি। ধারাবাহিক এ কার্যক্রমের ১৬তম মাসে এবারও আয়োজন করা হয় খাবার বিতরণের।
এদিনের খাবারের মেন্যুতে ছিল গরম ভাত, মুরগির মাংস ও মসুরের ডাল। স্টেশনের প্ল্যাটফর্মে প্রায় সাড়ে ৩ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ লাইনে বসে তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করেন।
খাবার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন, মিলন খন্দকার, শাজাহান, শহিদুল, মামুন শেখ ও মিজানুর রহমান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য নাজমুল হোসেন বলেন, ‘আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মানবতার সেবায় সর্বদা নিয়োজিত থাকা এবং সমাজের অনাহারে থাকা মানুষের মুখে একটু হাসি ফোটানো। গত ১৫ মাস ধরে নিজেদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় আমরা এ কার্যক্রম চালিয়ে আসছি। ভবিষ্যতে সেবামূলক এ উদ্যোগের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’
পোড়াদহ স্টেশনে অবস্থানরত কয়েকজন প্রবীণ ও পথবাসী জানান, অভাব ও ক্ষুধার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা মানুষের জন্য এমন উদ্যোগ অনেক স্বস্তিদায়ক। তাঁরা এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









