রাজবাড়ীর পাংশায় বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। এদিকে ঘরে তালা দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের গাংধাইর গ্রামে।
সরেজমিনে গিয়ে ওই তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, ফেসবুকের মাধ্যমে গাংধাইর গ্রামের ফিরোজ মোল্লার ছেলে সোহানের সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর নিয়মিত যোগাযোগ, দেখা-সাক্ষাৎ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের মধ্যে প্রায় আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল বলে দাবি করেন ওই তরুণী।
পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের মেয়ে ওই তরুণী জানান, সোহানের ডাকে তিনি তাঁর বাড়িতে এসেছিলেন। সেখানে তাঁরা কিছু সময় একসঙ্গে অবস্থান করেন। পরে পারিবারিক চাপে সোহান তাঁকে রেখে চলে যান। তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে বলেও দাবি করেন তিনি।
তরুণী বলেন, ‘সোহানের সঙ্গে আমার দীর্ঘ আড়াই বছরের সম্পর্ক। তার ডাকে আমি এখানে এসেছি। এখন সে আমাকে ফেলে পালিয়ে গেছে। আমি এ ঘটনায় খুবই চিন্তিত। সোহানের সঙ্গে বিয়ে না হলে আমার জীবন রেখে আর লাভ নেই।’
এ বিষয়ে সোহানের বাবা ফিরোজ মোল্লার সঙ্গে কথা বলতে গেলে তিনি প্রথমে ওই তরুণী তাঁদের বাড়িতে নেই বলে জানান। কিছুক্ষণ পর বাড়িতে তালা দিয়ে তিনি চলে যান। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই তরুণীকে পাশের একটি বাড়ির ঘরে রাখা হয়েছে।
সেখানে গিয়ে তরুণীর সঙ্গে কথা হলে তিনি অভিযোগ করে বলেন, সোহানের বাবা ফিরোজ মোল্লা তাঁকে জোর করে ওই বাড়িতে রেখে গেছেন। এ ঘটনার ন্যায়বিচার দাবি করেন তিনি।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে দফায় দফায় বৈঠক চলছে। স্থানীয় কয়েকজন মাতব্বর নাম প্রকাশ না করার শর্তে জানান, সোহানের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁদের কাছে থাকা ছবি, ভিডিও ও কথোপকথন থেকেও সম্পর্কের বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া গেছে। স্থানীয়ভাবে বিয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তাঁরা।
এ সংবাদ লেখা পর্যন্ত ওই তরুণীর মুঠোফোনটি কেড়ে নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। কয়েকবার ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
তবে এ বিষয়ে সোহান ও তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









