জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেছেন, সংস্কৃতি শুধু গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়; একটি জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ, আচরণ, ঐতিহ্য ও জীবনবোধের সামগ্রিক প্রকাশই সংস্কৃতি।
সোমবার (৯ নভেম্বর) গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল প্রচলিত বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও সীমাবদ্ধতার বাইরে গিয়ে সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা। ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় বর্তমানে তিন লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, দেশের সংস্কৃতি বর্তমানে নানা অবক্ষয় ও অবহেলার মধ্য দিয়ে যাচ্ছে। সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিজস্ব বৈশিষ্ট্যে বিকশিত করতে হবে। এ লক্ষ্যে আগামী ডিসেম্বর থেকে জাতীয় সংস্কৃতি উৎসব আয়োজনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি সুস্থ, মানবিক ও জীবনমুখী সংস্কৃতি গড়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, কাজী নজরুল ইসলামের শিক্ষাদর্শন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল ভাবনার মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। নজরুলের শিক্ষা-চিন্তা ছিল প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে জীবনব্যাপী ও সর্বজনীন শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
তিনি বলেন, বাউবি দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষার্থীসংখ্যার বিশ্ববিদ্যালয়। দেশের পাশাপাশি সাতটি দেশেও এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। একটি জাতির অস্তিত্ব ও স্বকীয়তা রক্ষায় নিজস্ব সংস্কৃতির চর্চা ও বিকাশ অপরিহার্য। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলামের শিক্ষা-দর্শন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদিভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।
প্রবন্ধে তিনি বলেন, নজরুলের কাছে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রকৃত মানুষ তৈরি করা, কেবল চাকরিপ্রার্থী বা সনদধারী তৈরি করা নয়। ঔপনিবেশিক, মুখস্থনির্ভর ও বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার পরিবর্তে আত্মমর্যাদা, দেশপ্রেম, সৃজনশীলতা, কর্মমুখিতা ও মানবিক মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন নজরুল। মাতৃভাষায় শিক্ষা, নারীশিক্ষা, বিজ্ঞানমনস্কতা, অসাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক বিকাশের প্রতিও তাঁর বিশেষ গুরুত্ব ছিল। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দর্শনের সঙ্গে নজরুলের এই শিক্ষাভাবনার গভীর মিল রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ও এসএসএইচএল ডিন অধ্যাপক তানভীর আহসান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন।
বাউবির মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিস্ট (গ্রেড-১) মো. সরফ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে গান, কবিতা আবৃত্তি ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









