দারিদ্র্য আর আর্থিক সীমাবদ্ধতা দমাতে পারেনি মেধাবী শিক্ষার্থী মো. সাহাদৎ হোসেনকে। এসএসসি-২০২৬ পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ১১৬৭ নম্বর পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার এই শিক্ষার্থী। অসামান্য এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ৭ নভেম্বর গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের এইচএসসি ব্যাচ-২০০৪-এর প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম শিশির। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও পারিবারিক পরিস্থিতির কথা তুলে ধরে সাহাদৎ জানায়, তার বাবা মিরাজুল আলী একজন দরিদ্র ভ্যানচালক। তিন ভাই-বোনের মধ্যে সে সবার ছোট। বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বড় ভাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে পড়াশোনা করে ভালো ফলাফল করেছেন।
সাহাদৎ জানায়, পরিবারের আর্থিক সীমাবদ্ধতা থাকলেও উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন দেখে সে। ভবিষ্যতে আইন বিষয়ে পড়াশোনা করে একজন আইনজ্ঞ হতে চায়। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে সে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জনতা ব্যাংক পিএলসির সিনিয়র অফিসার মোবারক হোসেন। তিনি বলেন, সাহাদতের এই সাফল্য গুরুদাসপুরসহ নাটোর জেলার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। তার হাত ধরে আরও অনেক শিক্ষার্থী সাফল্যের আলোয় আলোকিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম শিশির বলেন, শিক্ষার উদ্দেশ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়; বরং প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠা এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করা।
আয়োজকদের পক্ষে মো. শাহ আলমসহ এইচএসসি ব্যাচ-২০০৪-এর প্রাক্তন শিক্ষার্থীরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাঁদের এ উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব ও উচ্চশিক্ষার আগ্রহ তৈরি করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মেধা, অধ্যবসায় ও প্রতিকূলতা জয় করে সাহাদতের এ অর্জন স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









