বাংলাদেশকে একটি অনন্য মডেল হিসেবে বিবেচনায় নিয়ে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পূর্ণ সুবিধা কাজে লাগাতে পারলে দেশটি নিজের উন্নয়নের পাশাপাশি বিশ্ব অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ কার্যালয়ের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ গ্যারিক হায়রাপেতিয়ান ও চিফ ডেমোগ্রাফিক ডেটা অ্যান্ড ইন্টেলিজেন্স এম শহিদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
সাক্ষাৎকালে জহির উদ্দিন স্বপনের আসন্ন যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় বৈঠক এবং বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল সর্বোচ্চ কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। এ জন্য সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, জনসংখ্যার পরিবর্তনের প্রভাব দীর্ঘ সময় পর অনুভূত হয়। তাই বর্তমান পরিস্থিতি দূরদর্শিতার সঙ্গে বিশ্লেষণ এবং ভবিষ্যৎ পরিবর্তন বোঝার সক্ষমতা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম নিয়ামক।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়নবিষয়ক অভিজ্ঞতা বৈশ্বিক আলোচনাকে সমৃদ্ধ করার পাশাপাশি উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করতে পারে। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ও অর্জিত শিক্ষাও ভবিষ্যতের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপদেষ্টা জানান, আসন্ন যুক্তরাষ্ট্র সফরে তিনি জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সংসদ সচিবালয়ের পক্ষে আলোচনায় অংশ নেবেন। এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে ইউএনএফপিএর সহযোগিতার বিষয়টি তুলে ধরবেন। বাংলাদেশের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির কর্মকাণ্ডে সংস্থাটির আরও সক্রিয় ভূমিকা রাখার আশাও প্রকাশ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









