নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালীর দশমিনা উপজেলা শাখার রণগোপালদী ইউনিয়ন ছাত্রলীগের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের রণগোপালদী বাজারের পূর্ব পাশে দশমিনা-গলাচিপা মহাসড়কে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলটির ১০ থেকে ১৫ জন নেতা কর্মীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে তারা আগামীকালের ধর্মঘটের অংশ হিসেবে দশমিনা উপজেলা ছাত্রলীগের নির্দেশনায় আজকের রণগোপালদী ইউনিয়ন ছাত্রলীগের এই ধর্মঘট কর্মসূচি। সকলে বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। আগামীকালের ধর্মঘট সফল হোক, সফল হোক। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,এমন স্লোগান দিতে শোনা যায়।
এর আগে, রোববার (৮ নভেম্বর) নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট ও অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই দলটির উপজেলার নেতাকর্মীদের নির্দেশ এ অবরোধের ঘটনা ঘটেছে বলে ভিডিওতে দাবি করা হয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। রাতে টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটি দশমিনা উপজেলার কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার সব ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বর্তমানে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









