ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঝটিকা মশাল মিছিলের ঘটনা ঘটেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত এ মিছিল থেকে তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌর এলাকার নুরপুরে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের বাড়ির সামনে এ মিছিল বের করা হয়। এতে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল চলাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তিনজনকে আটক করেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনার একটি ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন তরুণকে মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁদের স্লোগানের মধ্যে ছিল, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জাফরুল্লাহর ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘রাজা মিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা সবাই অল্পবয়সী। কারা তাঁদের এ মিছিল বের করতে উৎসাহিত করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









