ছাত্রলীগের ফেসবুকে ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশ। তবে ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি উপজেলাটিতে। স্বাভাবিক রয়েছে উপজেলা থেকে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল।
পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাশকতার আশঙ্কায় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে পুলিশের অভিযানে পৃথক দুটি স্থান থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দৈহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডল (৩০) এবং সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মৃনাল আইচ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে দৈহারি ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে সুদর্শন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন বিকেলেই তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়। একই দিন রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে মৃনাল আইচকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে ধর্মঘটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। ফেসবুকে ঘোষিত এ ধর্মঘটকে তারা হাস্যকর ও অবাস্তব বলে মন্তব্য করেছেন।
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, একটি নিষিদ্ধ সংগঠন এ দেশের হাজার হাজার ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এ দেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ধর্মঘট দেশবাসীর কাছে হাস্যরসের বিষয়। তারা কোনোভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথে তাদের কঠোর হাতে দমন করা হবে।
নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল যুবায়ের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এ দেশের মানুষ বয়কট করেছে। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার পর এ দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাদের ধর্মঘট কেবল ফেসবুকেই সীমাবদ্ধ থাকবে। আমরা রাজপথে আছি। কোনোভাবেই তাদের মাঠে নামার সুযোগ দেওয়া হবে না।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেসবুকে ঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের ধারাবাহিকতায় রাজনৈতিক মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









