রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একতলা একটি ভবনের দোকানঘরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। মঙ্গলবার ভোরে কে বা কারা কার্যালয়টিতে আগুন দেয়। এতে ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করে বলেন, “সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারাই আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে।”
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘‘শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে অগ্নিসংযোগ করে। এতে ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









