পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাতভর দেশব্যাপী নাশকতা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিরাপত্তা জোরদারে রাতভর টহল কার্যক্রম চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পর্যন্ত এই টহল কার্যক্রম পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শাহিনুজ্জামান।
জানা যায়, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের একটি ডাবল ডেকার (দিগন্ত) বাস ঝিনাইদহ থেকে ক্যাম্পাস অভিমুখে আসার পথে শৈলকুপার ভাটই বাজার পার হয়ে দুধসর চাঁদপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে নাশকতার চেষ্টা চালায়। বাসচালকের বিচক্ষণতায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই পায় অর্ধশতাধিক শিক্ষার্থী। এরপর থেকেই নিরাপত্তা জোরদারে কুষ্টিয়া ও ঝিনাইদহ—এই দুই জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগসহ রাতভর টহল কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, “দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মসূচি ঘোষণা করেছে। এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক লেখালেখি নজরে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনকে চিঠির মাধ্যমে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে। আমরা ১৭৫ একর এলাকা সারারাত নজরদারিতে রেখেছি, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা সেলের কর্মকর্তাদের নিয়ে প্রক্টরিয়াল বডি সারারাত সজাগ ছিল। ক্যাম্পাসের পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









