বাবা নেই, মা শারীরিক প্রতিবন্ধী, ছোট বোনের বয়স মাত্র তিন বছর। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ১৬ বছর বয়সী প্রতিবন্ধী কিশোর স্বপন মাহমুদ। নিজের বাম পায়ে শক্তি নেই, আক্রান্ত সেরিব্রাল পালসিতে। তবুও পড়াশোনা ছেড়ে মোটরচালিত ভ্যান চালিয়ে মা ও ছোট বোনের মুখে দুবেলা খাবার তুলে দিত সে।
কিন্তু আড়াই মাস আগে চুরি হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনের অবলম্বন সেই ভ্যান। এরপর থেকেই দিশেহারা পুরো পরিবার। অভাব-অনটনে মানবেতর জীবন কাটছিল তাদের।
অসহায় এই পরিবারের দুর্দশার খবর পেয়ে পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাইসুল ইসলাম।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে স্বপন ও তার পরিবারকে উপজেলা কার্যালয়ে ডেকে খাদ্যসামগ্রী প্রদান করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের স্বপন ও তার পরিবারের জীবনসংগ্রামের গল্পটি বড়ই করুণ। প্রায় দুই বছর আগে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান স্বপনের দিনমজুর বাবা। এরপর থেকেই শারীরিক প্রতিবন্ধী মা জোসনা খাতুন ও ছোট বোনকে নিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় স্বপন।
অভাবের সংসারে ধারদেনা করে ছেলেকে একটি মোটরচালিত ভ্যান কিনে দেন মা। সেই ভ্যান চালিয়ে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টাকা আয় করত স্বপন। সামান্য এই আয় দিয়েই কোনোমতে চলত তিন সদস্যের পরিবার। প্রতিবন্ধকতাকে জয় করে মা-বোনের মুখে খাবার তুলে দেওয়াই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য।
স্বপন মাহমুদ বলেন, “বাবা মারা যাওয়ার পর মা আর ছোট বোনকে নিয়ে খুব কষ্টে সংসার চালাতাম। আমার নিজের শারীরিক সমস্যা থাকলেও ভ্যান চালিয়ে প্রতিদিন কিছু টাকা আয় করতাম। সেই টাকা দিয়ে মা-বোনের খাবার জোগাড় হতো।’
তিনি বলেন, ‘‘কিন্তু আড়াই মাস আগে আমার ভ্যানটি চুরি হয়ে গেছে। অনেক জায়গায় খুঁজেও পাইনি। এখন কাজ করতে পারছি না, সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। একটি ভ্যান পেলে আবারও মা-বোনের মুখে খাবার তুলে দিতে পারব।”
স্বপনের মা জোসনা খাতুন বলেন, “আমার স্বামী মারা যাওয়ার পর ছেলেটাই সংসারের দায়িত্ব নিয়েছিল। ও নিজেও প্রতিবন্ধী, তারপরও ভ্যান চালিয়ে আমাদের খাওয়াত। ধারদেনা করে ছেলেকে ভ্যান কিনে দিয়েছিলাম। সেটিও চুরি হয়ে যাওয়ায় এখন আমরা খুব অসহায়। নতুন ভ্যান কেনার সামর্থ্য নেই। কেউ সহযোগিতা করলে আমার ছেলেটা আবার কাজ করে সংসার চালাতে পারবে।”
পরিবারটির অসহায়ত্বের কথা জানতে পেরে খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম।
তিনি বলেন, “সাংবাদিকদের কাছ থেকে পরিবারটির অসহায়ত্বের কথা জানতে পেরে তাদের উপজেলা কার্যালয়ে ডেকে খাদ্যসামগ্রী দিয়েছি। তাদের পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতেও আরও সহযোগিতা করার ব্যবস্থা করব।”
যদুবয়রা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মরিয়ম খাতুন বলেন, “স্বপন একটি অসহায় পরিবারের সন্তান। বাবা নেই, মা শারীরিক প্রতিবন্ধী, ছোট বোনও রয়েছে। নিজের শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও সে ভ্যান চালিয়ে সংসার চালাত। ভ্যানটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম সংকটে পড়েছে।’’
তিনি বলেন, ‘‘আমরা চাই, প্রশাসন ও সমাজের বিত্তবানরা এগিয়ে এসে স্বপনের জন্য একটি ভ্যানের ব্যবস্থা করে দিন। তাহলে পরিবারটি আবারও স্বাভাবিকভাবে বাঁচার সুযোগ পাবে।”
বাবাহীন পরিবারটির একমাত্র ভরসা ছিল স্বপনের ভ্যান। সেই ভ্যান হারিয়ে এখন থমকে গেছে তাদের জীবনযাত্রা।
সরকারি সহায়তা কিংবা সমাজের বিত্তবানদের মানবিক সহযোগিতায় একটি ভ্যান পেলে আবারও ঘুরতে পারে স্বপনের ভাগ্যের চাকা। ফিরে আসতে পারে মা ও ছোট বোনের মুখে দুবেলা খাবার।
অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









