ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন নগরীর ৩৬ বাড়ি কলোনী এলাকার সজলের ছেলে রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার ওসমান গণির ছেলে রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)। গ্রেফতার অপর দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ নভেম্বর দিবাগত গভীর রাতে নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় একদল দুর্বৃত্ত শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেয়। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ দেখা যায়। পরে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয় সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরীর মিন্টু কলেজ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন কলেজশিক্ষার্থী রেদোয়ান হোসেন সাগর। তার স্মৃতি রক্ষায় পরে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করা হয় এবং সেখানে তার ছবি সংবলিত স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









