রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ফুলতলা ও কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব দণ্ড প্রদান করা হয়।
পাংশা মডেল থানা সূত্রে জানা গেছে, ফুলতলা এলাকায় অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আয়ুব আলী (৫২), ওবাইদুল শেখ (২৫) ও মনিরুল ইসলামকে (৪৫) আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হকের মোবাইল কোর্টে আয়ুব আলী ও ওবাইদুল শেখকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অপর আসামি মনিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড করা হয়।
অন্যদিকে, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে তামজিদ (৪৫) নামে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই ঘটনায় মো. আলামিন মোল্লা, মো. আসাদুজ্জামান (৪৩) ও মো. সুমন মোল্লাকে (২৫) সাত দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









